টাঙ্গাইলের নাগরপুরে চোর ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে মজনু মিয়া (৫০) নামের একজন নিহত হয়েছে। এ সময় চোরকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন আরও ২ জন। গতকাল ভোর রাতে উপজেলার বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজনু ওই গ্রামের মৃত বেল্লাল মিয়ার ছেলে ও পেশায় ঢালাই মিস্ত্রির সহকারী।
পরে জনতা চোর ছামিনুর মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরের দিকে উপজেলার গয়হাটা গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ছামিনুর মিয়া বারাপুষা মজনু মিয়ার বাড়িতে চুরি করতে যায়। এ সময় গৃহকর্তার ছোট মেয়ে জুলেখা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর হতে বের হয়ে চোরকে দেখতে পায়। পরে তার চিৎকারে চোর খড়ের গাদার পেছনে লুকালে এ সময় মজনু তাকে ঝাপটে ধরলে চোরের হাতে থাকা ছুরি দিয়ে তার ঘাড়ে ও গলায় এলোপাতাড়ি আঘাত করে। প্রতিবেশী আলতাফ ও নাজমুল তাকে বাঁচাতে এগিয়ে এলে ছামিনুর তাদেরও আঘাত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মজনুকে মৃত ঘোষণা করেন। অপর আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ছামিনুরকে পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে।
