নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র বহাল রেখে অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগসহ আট দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ও কাজী কল্যাণ সমিতির সমন্বয়ে সিলেট জেলা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ। জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি পাঠানো হয়। পৃথক স্মারকলিপিতে স্বাক্ষর করেন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মোজাম্মিল উদ্দিন। কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুল জলিল খান।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে দেশে পাঁচ হাজারের বেশি মুসলিম নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। বিভিন্ন এলাকায় নিকাহ রেজিস্ট্রারদের আয় সীমিত হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখার পাশাপাশি নিকাহ নিবন্ধন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংস্কারের দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র অবসরকাল পর্যন্ত বহাল রাখা। অবসরের পর নিকাহ রেজিস্ট্রারদের কোনো অবসরকালীন ভাতা না থাকায় তাদের অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা। কোনো নিকাহ রেজিস্ট্রার অবসরে গেলে তার পুত্রকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া।
