দক্ষিণ ও মধ্য এশিয়ার আঞ্চলিক অগ্রাধিকার ও কূটনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনার জন্য ভারতের নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতদের একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ ১১টি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নিয়েছেন। ওই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর উচ্চপর্যায়ের এই সম্মেলনের আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিযুক্ত সব মার্কিন রাষ্ট্রদূতকে ভারতে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।
সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা আঞ্চলিক কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা অগ্রাধিকার নিয়ে সমন্বয় করেছেন।
সম্মেলনে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মার্কো রুবিও এক্সে জানান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলেছেন তিনি।
রুবিও বলেন, মার্কিন রাষ্ট্রদূতরা আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে গর্বের সঙ্গে কাজ করছেন।
