গুগল ইয়াহুর কাছে তথ্য চেয়েছে প্রসিকিউশন

মৃত্যুর পরও সক্রিয় ছিল সাগর-রুনির আইডি

গুগল ইয়াহুর কাছে তথ্য চেয়েছে প্রসিকিউশন

ফন্ট সাইজ:

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর এক থেকে দেড় মাস পর্যন্ত তাদের ফেসবুক আইডি ও ই-মেইল অ্যাকাউন্ট বিভিন্ন আইপি থেকে সক্রিয় (লগইন) ছিল বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডার্ক ওয়েবের ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) বিশ্লেষণে এ ডিজিটাল ফুটপ্রিন্ট নিশ্চিত করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নিহতদের ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংরক্ষিত তথ্য এবং লগইন হিস্ট্রি পেতে গুগল ও ইয়াহু কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।

প্রসিকিউটর জোহা বলেন, তদন্ত প্রক্রিয়ায় সাগর সারোয়ার ও মেহেরুন রুনির ব্যবহৃত দু’টি ই-মেইল অ্যাড্রেস শনাক্ত করা হয়েছে। ডার্ক ওয়েব ও ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে, মৃত্যুর পরও এক থেকে দেড় মাস তাদের আইডিগুলোতে একাধিকবার লগইন করা হয়েছিল। বিষয়টি নিয়ে মেহেরুন রুনির ভাইয়ের সঙ্গে কথা বললে তিনিও নিশ্চিত করেন যে, তাদের মৃত্যুর পরও আইডিগুলো অনলাইনে সক্রিয় (লাইভ) দেখা যেতো।

সাগর ও রুনি হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। তিনি মানবজমিনকে বলেন, সাগর-রুনির হত্যার পরেও তিনি তাদের ফেসবুক আইডি সক্রিয় থাকতে দেখেছেন। এমনকি তার নিকটস্থ আরও লোকেরাও ফেসবুক এ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখেছেন। বিষয়টি মামলার তখনকার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও তারা কোনো কিছুই বলেনি। তিনি আরও বলেন, তখন তো এত কিছু বুঝতাম না। কিন্তু এখন প্রসিকিউটর জোহা এটি দেখভাল করছেন। আশাকরি শিগগিরই সব রহস্য বের হয়ে আসবে।

এ বিষয়ে প্রসিকিউটর তানভীর জোহা আরও বলেন, হত্যাকাণ্ডকে নিছক চুরি বলে যে বয়ান দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, তার কোনো যৌক্তিকতা নেই। কোনো ডিভাইস চুরি হলে সাধারণত তা বিক্রি করে দেয়া হয় বা ফ্ল্যাশ করা হয়। কিন্তু পাসওয়ার্ড সুরক্ষিত ডিভাইসের নিরাপত্তা ভেঙে হত্যাকাণ্ডের পর কারও আইডিতে লগইন করে বসে থাকা কোনো সাধারণ চুরির ঘটনা হতে পারে না।

তিনি জানান, আইনি কাঠামোর আওতায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, গুগল ও ইয়াহুর কাছে লগইন হিস্ট্রি, ব্যবহৃত আইপি ঠিকানা এবং মুছে ফেলা বার্তা সংরক্ষণের তথ্য চেয়ে যোগাযোগ করা হয়েছে। তবে দীর্ঘদিনের পুরোনো তথ্য হওয়ায় গুগল ও ইয়াহুর পক্ষ থেকে নির্দিষ্ট মামলার রেফারেন্স ও আদালতের আনুষ্ঠানিক আদেশ (কোর্ট অর্ডার) চাওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়: গুগল লিগ্যাল ইনভেস্টিগেশনস সাপোর্ট টিমের কাছে প্রসিকিউশনের পাঠানো চিঠিতে সাগর সারোয়ারের ই-মেইল আইডি (এসসারোয়ার@জিমেইল.কম) এর বিস্তারিত ডিজিটাল রেকর্ড অবিলম্বে সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বিশেষ গুরুত্ব দিয়ে ২০১২ সালের ১লা ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি এবং সামগ্রিকভাবে ২০১২ সালের ১লা জানুয়ারি থেকে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের তথ্য তলব করা হয়। যেসব তথ্যের আবেদন করা হয়েছে, তার মধ্যে রয়েছে— অ্যাকাউন্ট খোলার ও গ্রাহক নিবন্ধনের তথ্য। সফল ও ব্যর্থ লগইনের বিস্তারিত সময়, টাইমজোন ও সোর্স আইপি অ্যাড্রেস। ব্যবহৃত ডিভাইস, ব্রাউজার, ইউজার-এজেন্ট ও সেশন সংক্রান্ত তথ্য। রিকভারি ই-মেইল ও ফোন নম্বর এবং পাসওয়ার্ড পরিবর্তন বা রিসেট সংক্রান্ত ইতিহাস। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি বা এর পরবর্তী সময়ে অ্যাকাউন্টে কোনো অনুপ্রবেশ বা অ্যাক্সেসের প্রমাণ। ই-মেইলের নন-কনটেন্ট মেটাডেটা (প্রেরক, প্রাপক ও সময়)।

চিঠিতে আরও বলা হয়, ২০১২ সালের এসব তথ্য যদি সাধারণ ডেটাবেজে সংরক্ষিত না-ও থাকে, তবে তা ব্যাকআপ, আর্কাইভাল বা সিকিউরিটি সিস্টেমে অবশিষ্ট আছে কি না, তা যাচাই করে আন্তর্জাতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার মতে, হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে কারা এবং কোন আইপি ঠিকানা থেকে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছিল, সেই ডিজিটাল ফুটপ্রিন্ট চিহ্নিত করা সম্ভব হলে দীর্ঘদিনের এই বিচারহীনতা ও রহস্যের জট খুলবে।