সুবিচার ও নিজেদের কষ্টার্জিত টাকা ফিরে পাওয়ার আশায় আগামীকাল (১লা অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দিকে তাকিয়ে আছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর লাখ লাখ ভুক্তভোগী গ্রাহক।
কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত উল্যাহসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিবি কর্তৃক দাখিল করা অভিযোগ পত্র সিএমএম কোর্ট কর্তৃক গ্রহনের আদেশ বাতিল ও মামলাটির পুনতদন্ত চেয়ে করা নজরুলের আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।
এই শুনানিকে ঘিরে গ্রাহকদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরির পাশাপাশি শঙ্কাও দেখা দিয়েছে। তবে তাদের আশা, আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি গ্রাহকদের পাওনা অর্থ উদ্ধারের পথ তৈরি হবে।
ভুক্তভোগী গ্রাহকদের অনেকেই দীর্ঘদিন ধরে তাদের বিমার টাকা ও প্রাপ্য অর্থের জন্য অপেক্ষা করছেন। তাদের ভাষ্য, কষ্টার্জিত সঞ্চয় নিরাপদ ভবিষ্যতের আশায় ফারইস্টে জমা করেছিলেন। এখন সেই অর্থ ফেরত পাওয়াই তাদের প্রধান প্রত্যাশা।
গ্রাহকদের একজন বলেন, “দিনমজুরি করে টাকা জমিয়েছি। আমাদের ঘামঝরা কষ্টের টাকা নজরুল-হেমায়েতরা নিয়ে গেছে। আমরা বিচার চাই, আমাদের টাকাও ফেরত চাই।”
তাদের প্রত্যাশা, আদালত ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আত্মসাতের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ ও সম্পদ উদ্ধারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া কার্যকর ভূমিকা রাখবে। তারা আগামীকালের শুনানিকে শুধু মামলার একটি নিয়মিত ধাপ হিসেবে নয়, নিজেদের দীর্ঘদিনের পাওনা ফিরে পাওয়ার প্রত্যাশায় একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখছেন।
উল্লেখ্য, বর্তমানে নজরুল ইসলাম ও হেমায়েত উল্যাহ কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
