দেশে ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান। এজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান আতিকুর রহমান রুমন।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে আসার পর জাতিসংঘে বাংলাদেশের সফলতা নিয়ে গণমাধ্যমে সংবাদ হবে, টকশোতে আলোচনা হবে, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু তখনই এমন সব ঘটনা ঘটানো হয়েছে। ফলে সব গণমাধ্যম সেই ঘটনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে। পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর যে সূত্র ছিল, আমাদের বিরোধী গোষ্ঠীও সেই মন্ত্রেই চলছে।
আতিকুর রহমান রুমন বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে। রাত পর্যন্ত তার সঙ্গে আমাদের কাজ করতে হয়েছে।
সরকারের কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আপনি যদি একটা মানুষকে বলেন নদী পার হও, আর তার হাত-পা বেঁধে দেন, উনি কি নদী পার হতে পারবেন? সম্ভব না। আর এবারের অধিবেশনটি ছিল বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, কেনো না দীর্ঘদিন পর এবার বাংলাদেশের নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছে। তাই, রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ুতে ন্যায়বিচার ও অর্থায়নের দাবি, বাংলাদেশের পুনর্গঠনে থ্রি আর (3R) প্রস্তাব উপস্থাপনসহ ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়। তবে, এসব বিষয় কয়টি গণমাধ্যমে বিস্তারিত ঠাঁই পেয়েছে?
এ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, এসব অর্জনকে ম্লান করতে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে পরিকল্পিত কিছু অপকর্ম ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে।
