রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় ৪ নম্বর আসামি গোলাম মহিউদ্দিন।
উল্লেখ্য, রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক হামলা–ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনায়ও ভাঙচুর হয়।
এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় এজহারভুক্ত আসামি ১৩ জন। এই মামলায় মোট ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
