ছিনতাই হওয়া একটি তেলবাহী ট্যাংকারের পাঁচ নাবিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা। মঙ্গলবার সোমালিয়া উপকূলে নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযান শুরুর আগেই জাহাজে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির পুন্টল্যান্ড অঞ্চলের কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ১৮ হাজার ৫০০ ব্যারেল তেলবাহী পালাউয়ের পতাকাবাহী ‘এমটি অনার ২৫’ জাহাজটি গত ২১শে এপ্রিল ছিনতাই হয়েছিল।
নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে জাহাজটি উদ্ধার এবং ১৬ দস্যুকে আটক করে। তবে তার আগেই জলদস্যুরা পাকিস্তানের তিনজন এবং ভারত ও মিয়ানমারের একজন করে মোট পাঁচ নাবিককে হত্যা করে। এ সময় আহত হন আরও চারজন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে জলদস্যুদের হাতে জিম্মি নাবিক নিহতের এটিই প্রথম ঘটনা। এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের সুযোগে ওই অঞ্চলে সোমালি জলদস্যুরা আবারও তৎপর হয়ে উঠেছে। গত এপ্রিল থেকে অন্তত ১৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
