ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণের জন্য উন্মুক্ত খেলার মাঠ ও পার্ক তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর-১৩ এর ৪ নং ওয়ার্ড এলাকায় শিশুদের খেলার মাঠ, শহীদ মিনার ও পার্ক উদ্বোধনের সময় প্রশাসক এই কথা বলেন।
এ সময় প্রশাসক বলেন, নির্বাচনকালে বলেছিলাম নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন সকল পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। দ্রুত সময়ের মধ্যে আজ এই পার্ক ও খেলা মাঠ উদ্বোধন করা হলো। ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত সংস্কারও পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
মাঠ উদ্বোধন করে প্রশাসক বলেন, আগামী দেড় মাসের মধ্যে এই পার্ক ও খেলা মাঠ সিসি ক্যামেরার আওতায় আসবে । এই মাঠের অভ্যন্তরে ছাত্রছাত্রী কিংবা এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলা করবে, তবে পড়াশোনা বাদ দিয়ে নয়।তারা খেলার সময় খেলা করবে এবং সন্ধ্যার পর পড়াশোনার জন্য ঘরে ফিরে যাবে।
মেট্রোরেলের পিলারগুলোতে টানানো অবৈধ পোস্টার অপসারণের জন্য দেয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের বিষয়টি উল্লেখ করে প্রশাসক জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করার পর খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে সৌন্দর্যবর্ধনমূলক চিত্রায়নের কাজ শুরু করা হবে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী, স্থানীয় থানার পুলিশ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
