আসামি ধরতে গিয়ে হামলার মুখে পুলিশ, গুলিবিদ্ধ ২ জনসহ গ্রেপ্তার ৪

আদাবরে ভবনে হামলা

আসামি ধরতে গিয়ে হামলার মুখে পুলিশ, গুলিবিদ্ধ ২ জনসহ গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে জমি নিয়ে বিরোধের জেরে একটি ভবন দখলের চেষ্টায় চাপাতি ও রামদা নিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত আসামি
ধরতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় ‘আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে’ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারাসহ ৪ জন গ্রেপ্তার হয়েছেন।

সোমবার রাত ২টার দিকে আদাবরের নবোদয় হাউজিং কাঁচা বাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খাল পাড়ে এ ঘটনা ঘটে। আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন-রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪) । এদের মধ্যে রাজিব ও সাগর পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘আসামিদের কয়েকজন খাল পাড়ে আছে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থল ৭ থেকে ৮ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা তাদের হাতে থাকা চাপাতি দিয়ে আমাদেরকে আক্রমণের করার চেষ্টা করেন। তখন আত্মরক্ষার জন্য এক পুলিশ সদস্য দুই রাউন্ড গুলি করলে দুইজন আহত হন।’

অন্য আসামিরা পালিয়ে গেছেন। এ সময় তাদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই এবং কিরিস উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।