গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিয়ে ফেসবুকে অশালীন ভাষায় পোস্ট দেয়ার অভিযোগ ওঠার পর আশরাফুল ইসলাম সজল (২৬) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে পুলিশ বলছে, ফেসবুকে পোস্ট দেয়ার কারণে সজলকে গ্রেপ্তার করা হয়নি। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম সজল শ্রীপুর উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মামুন হাসান।
এদিকে সজলের ফেসবুকে দেয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার ফেসবুক আইডিতে গিয়ে ওই স্ট্যাটাসটি পাওয়া যায়নি। ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে বর্তমান সরকার ও সরকারপ্রধানকে নিয়ে অশালীন ভাষা ব্যবহারের তথ্য দেখা যায়। ওই পোস্টে পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপিও শেয়ার করা হয়েছিল।
সজলের মা আসমা আক্তার বলেন, ‘তার ছেলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল। পুলিশ তাকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ পরে অনেকে পোস্টটি মুছে ফেলতে বললে তার ছেলে পোস্টটি ডিলিট করে দেয় বলে দাবি করেন তিনি।
আসমা আক্তার আরও বলেন, ‘অনেকেই এই পোস্ট ডিলিট করতে বলেছে। এরপর আমার ছেলে পোস্ট ডিলিট করে দেয়। তবুও তাকে গ্রেপ্তার করা হলো, এটা মানতে পারি না।’
জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ সজলের গ্রেপ্তারের নিন্দা জানান। তিনি বলেন, ‘সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হলো। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সে ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে দলীয় নেতার এই অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য ভিন্ন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি বলেন, ‘কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি। বরং আমরা তাকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
পুলিশের দাবি, সজলের গ্রেপ্তারের সঙ্গে ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে দেওয়া পোস্টের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সজলের পরিবার ও দলীয় নেতাদের দাবি, ওই পোস্টকে কেন্দ্র করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘অশালীন’ ভাষায় পোস্ট
এনসিপি নেতা গ্রেপ্তার, পুলিশ বলছে—এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৫৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
