নিরাপত্তা শঙ্কায় নতুন মডেল গুটিয়ে নিলো ওপেনএআই

নিরাপত্তা শঙ্কায় নতুন মডেল গুটিয়ে নিলো ওপেনএআই

ফন্ট সাইজ:

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। সম্প্রতি চ্যাটজিপিটির নতুন মডেল বাজারে আসার কথা ছিলো। কিন্তু নতুন মডেলের জিপিটি-৬.১ অ্যাস্ট্রা এখনই রিলিজ দিচ্ছে না ওপেনএআই। বলা হচ্ছে নিরাপত্তা শঙ্কাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ব্রাউজ এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারে সক্ষম হলেও এটি তাদের নিরাপত্তার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে সংস্থাটি। এর পাশাপাশি গত জুনে ওপেনএআই-এর মডেলের মাধ্যমে অস্ট্রেলিয়ার একাধিক সরকারি ওয়েবসাইট ও সিস্টেমে অননুমোদিত প্রবেশের চাঞ্চল্যকর ঘটনাটিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তারা। এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ওপেনএআই-এর নিরাপত্তা ব্যবস্থা বিভাগের প্রধান সাচি জৈন জানান, নতুন মডেলটি নির্ধারিত পরিধি ও অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং কাজের বিবরণ ব্যবহারকারীকে জানানোর ক্ষেত্রে প্রত্যাশিত মান অর্জন করতে পারেনি। সাধারণ ব্যবহারকারীদের কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক সময়ে উন্নত এআই মডেলগুলোর অনিয়ন্ত্রিত আচরণ প্রযুক্তি বিশ্বের শীর্ষ কর্মকর্তাদের কপালে ভাঁজ ফেলেছে। ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিক প্রধান দারিও আমোদেই প্রযুক্তিটির দ্রুতগতির বিকাশ ধীর করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং সরকারি কঠোর নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করে এটিকে প্রযুক্তিগত সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। তবে ফ্রান্স সফররত পোপ লিও চতুর্দশ এই প্রযুক্তির ঝুঁকি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে এআই নিয়ন্ত্রণ বিষয়ে এক বৈঠকে মিলিত হবেন, যদিও তিনি এআই ঝুঁকির বিষয়টিকে অতীতে বড় করে দেখতে রাজি হননি।