মধ্যরাতে বাসায় ফেরার পথে গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম জয় (২৩)। সে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন।
