শেয়ার বিষয়ক নিয়ম লঙ্ঘনের অভিযোগ থেকে আদানি গ্রুপকে অব্যাহতি

শেয়ার বিষয়ক নিয়ম লঙ্ঘনের অভিযোগ থেকে আদানি গ্রুপকে অব্যাহতি

ফন্ট সাইজ:

ন্যূনতম পাবলিক শেয়ার (এমপিএস) সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, গ্রুপটির চারটি কোম্পানি এবং আরও ১৩ জন। এ জন্য তারা মোট ১ কোটি ৪৮ লাখ রুপি সমঝোতা অর্থ (সেটেলমেন্ট অ্যামাউন্ট) পরিশোধ করেছেন। এর আগে তাদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (এসইবিআই)। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

অব্যাহতির আওতায় থাকা কোম্পানিগুলো হলো- আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড, আদানি পাওয়ার লিমিটেড, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড এবং আদানি ট্রান্সমিশন লিমিটেড। পরবর্তী সময়ে আদানি ট্রান্সমিশনের নাম পরিবর্তন করে আদানি এনার্জি সলিউশন্স লিমিটেড করা হয়েছে। এসব কোম্পানির পরিচালকরা এই কার্যক্রমের আওতায় ছিলেন।

২০২০ সালের জুন ও জুলাই মাসে সেবি’র কাছে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই কার্যক্রমের সূত্রপাত হয়। অভিযোগে বলা হয়েছিল, আদানি গ্রুপের কয়েকটি তালিকাভুক্ত কোম্পানি এমপিএস নিয়ম মেনে চলেনি। প্রাথমিক তদন্তের পর ২০২০ সালের ২৩ অক্টোবর সেবি আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। তদন্ত শেষ হওয়ার পর ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থাটি কারণ দর্শানোর নোটিশ (এসসিএন) জারি করে। এরপর ২০২৫ সালের ৩রা মার্চ একটি সম্পূরক কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশগুলোতে সিকিউরিটিজ কনট্রাক্টস (রেগুলেশন) রুলস, তৎকালীন লিস্টিং অ্যাগ্রিমেন্ট এবং সেবির লিস্টিং অবলিগেশনস অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্টস (এলওডিআর) রেগুলেশনের আওতায় নির্ধারিত এমপিএস সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।

এরপর আবেদনকারীরা তথ্য বা অভিযোগের সত্যতা এবং আইনি সিদ্ধান্ত স্বীকার বা অস্বীকার না করেই কার্যক্রমের নিষ্পত্তির প্রস্তাব দেন। সোমবার দেয়া আদেশ অনুযায়ী, আবেদনকারীরা মোট ১ কোটি ৪৮ লাখ রুপি পরিশোধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সেবি কারণ দর্শানোর নোটিশ ও সম্পূরক কারণ দর্শানোর নোটিশের ভিত্তিতে শুরু হওয়া সব কার্যক্রম নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।