বেরোবি’র ৮ কর্মকর্তার পদোন্নতি বাতিলের নির্দেশ

ফন্ট সাইজ:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আট কর্মকর্তাকে চতুর্থ গ্রেডে দেয়া আপগ্রেডেশন (পদোন্নতি) বাতিলের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধি (স্ট্যাটিউট) প্রণয়ন করে তা অনুমোদনের পর ওই বিধি অনুযায়ী পদোন্নতির বিষয়টি বিবেচনার নির্দেশনা দিয়েছে কমিশন।

গত ১০ই সেপ্টেম্বর ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। ইউজিসি’র চিঠি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সময়ে উপ-রেজিস্ট্রার ও সমমানের আট কর্মকর্তাকে চতুর্থ গ্রেডভুক্ত অতিরিক্ত রেজিস্ট্রার ও সমমানের পদে আপগ্রেডেশন দেয়া হয়। ২০২৪ সালের ২৯শে জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৩তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আপগ্রেডেশন পাওয়া আট কর্মকর্তা হলেন সংস্থাপন শাখার ড. জিয়াউল হক, ক্যাফেটেরিয়ার মোস্তাফিজার রহমান মণ্ডল, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের মোহাম্মদ আলী, পরিবহন পুলের তাপস কুমার গোস্বামী, কাউন্সিল শাখার ময়নুল আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ফিরোজুল ইসলাম, সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের (সিডিটি) এসএম আব্দুর রহিম এবং উপাচার্যের পিএস খায়রুল ইসলাম। ইউজিসি বলছে, ২০২১ সালের ৩১শে অক্টোবর জারি করা কমিশনের পরিপত্রের পরিপন্থি হওয়ায় ওই আপগ্রেডেশন আইনানুগ হয়নি।

ফলে ১০৩তম সিন্ডিকেট সভায় দেয়া আট কর্মকর্তার আপগ্রেডেশন বাতিল করে নতুন সংবিধি অনুযায়ী পদোন্নতির বিষয়টি নিয়মিত করার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ৩৮(গ) ও ৩৯ ধারা অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির বিধিমালা দ্রুত প্রণয়ন করে চ্যান্সেলরের অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে ইউজিসি। অনুমোদনের পর ওই বিধিমালা অনুযায়ী কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউজিসি’র চিঠির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ৩০ তারিখ সিন্ডিকেট আছে। সিন্ডিকেটে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।