মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা বাজার এলাকায় ইছামতি নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা ফোরাম নেটওয়ার্ক এবং উলাইল ও নালী ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, স্থায়ী সেতু না থাকায় কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষায় নৌকা এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হয়। এতে শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের ভোগান্তি বাড়ে। নৌকাডুবির ঘটনাও ঘটেছে বলে জানান তারা। রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া সুলতানা বলেন, বিদ্যালয়ের প্রায় ৩০০-৪০০ শিক্ষার্থী এ পথে যাতায়াত করে। সেতু না থাকায় তাদের নানা সমস্যায় পড়তে হয়। উলাইল ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয়রা সেতুর দাবি জানিয়ে আসছেন। সেতুটি হলে কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। মানিকগঞ্জ-১ আসনের এমপি এসএ জিন্নাহ কবির জানান, রূপসার সঙ্গে আমডালা এলাকায় সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলছে। আগামী এক-দুই মাসের মধ্যে কাজ শুরু হতে পারে।
