জীবননগর সীমান্তে পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিশেষ অভিযানে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় এস্ফাক সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায় অভিযুক্ত এক চোরাকারবারি। সোমবার ভোররাত ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, গোপন সংবাদে ৫৮ বিজিবি’র আওতাধীন গয়েশপুর বিওপি’র হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় এক চোরাকারবারিকে ব্যাগ হাতে আসতে দেখে ধাওয়া করলে চোরাকারবারি একটি লাল প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটিতে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেন। একই সঙ্গে সিরাপের বোতলের ভেতর স্কচটেপ ও সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি এবং মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থার জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।