সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালনের প্রস্তুতিকালে দশমিনা থানা পুলিশ অভিযান চালিয়ে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস আহমেদ ভূঁইয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ১২ জনের নাম উল্লেখ করে ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি দশমিনা থানার এসআই গোবিন্দ চন্দ্র দশমিনা থানায় মামলা দায়ের করেছেন। রোববার রাতে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজারে ওই আওয়ামী লীগ নেতার বাসভবনে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম বড় গোপালদী বাজারে গিয়ে জানতে পারে- ইদ্রিস ভূঁইয়ার বাসভবনে তৃণমূল আওয়ামী লীগ কার্যালয় শেখ হাসিনার ৮০তম জন্মদিনের প্রস্তুতি চলছে। এ সময় পুলিশ ধাওয়া দিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সেøাগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় ঘটনাস্থল থেকে শেখ হাসিনার জন্মদিন ও দোয়া মিলাদের একটি ব্যানার জব্দ করেছে পুলিশ। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের ঘটনায় প্রধান আসামি ইদ্রিস ভূঁইয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
