এনসিপি’র গণভিক্ষা কর্মসূচি

এনসিপি’র গণভিক্ষা কর্মসূচি

ফন্ট সাইজ:

দেশে চলমান চাঁদাবাজির প্রতিবাদে ব্যঙ্গাত্মক ও অভিনব কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বিকালে রাজধানীর বাংলমোটরে প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজিতে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ।

সর্বশেষ বিএনপি’র গুন্ডারা হাসপাতাল দখল করেছে। নারায়ণগঞ্জের এমপি’র ছেলেকে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। বিভিন্ন জায়াগায়, রাস্তাঘাট, হাটবাজার, হাসপাতাল, বাস-সিএনজি স্ট্যান্ড দখল চলছে। এর থেকে বাঁচার জন্য আপনারা প্রত্যেক মোড়ে মোড়ে ও দোকানে দানবাক্স রাখবেন। কেউ চাঁদা চাইতে আসলে বলবে- তোমাদের জন্য ভিক্ষার বক্স রাখা আছে ওখান থেকে টাকা নিয়ে যাও তারপরেও আমাদের বাঁচতে দাও। এই জন্য আমরা আজকে প্রতীকী কর্মসূচি পালন করেছি।
এর আগে চাঁদাবাজির বিকল্প হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন- আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে। কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।