আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছাদূত রবি চৌধুরী

আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছাদূত রবি চৌধুরী

ফন্ট সাইজ:

জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত যুক্তরাষ্ট্রের কনসালটেটিভ স্ট্যাটাস সম্পন্ন একটি বেসরকারি প্রতিষ্ঠান এমসিআইএফকে। প্রতিষ্ঠানটির মূল কার্যক্রমের প্রতিপাদ্য হিসেবে শান্তি, মানবিকতা ও মানুষের ক্ষমতায়নের বিষয়ে কাজ করা। এ প্রতিষ্ঠানটিই আগামী দুই বছরের জন্য শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে রবি চৌধুরীকে নিয়োগ দিয়েছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এ শিল্পী। তখনই সংস্থাটি তার কাছে একটি নিয়োগপত্র তুলে দেয়ার পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে আন্তর্জাতিক সম্মাননাতেও ভূষিত করা হয়।

এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অনুষ্ঠিত সেলিব্রিটি রেড কার্পেট গালা অন ফ্যাশন উইক অনুষ্ঠানে রবি চৌধুরীকে ‘প্লাটিনাম হুস হু দ্য আল্টিমেট ইন অ্যাচিভমেন্ট’ সম্মাননায় ভূষিত করা হয়। মানবিকতা, নেতৃত্ব, উৎকর্ষ, বৈশ্বিক প্রভাব ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয়। রবি চৌধুরী বলেন, আন্তর্জাতিক একটি সংস্থার হয়ে দুই বছর শান্তি ও শুভেচ্ছাদূত হয়ে কাজ করার যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। এ ধরনের একটি দায়িত্ব পাওয়া একজন শিল্পী হিসেবে যেমন সম্মানের, ঠিক তেমনি গর্বের ও আনন্দের। এটা সত্যি যে, একজন শিল্পী হিসেবে দেশ-বিদেশে মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন। তবে এই দায়িত্ব এবং সম্মাননা প্রাপ্তি গান গাওয়ার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আমাকে আরও সক্রিয় হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে সব সময়। আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমসিআইএফকে’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মনিকা সানচেজ-কে।