বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘দেনা-পাওনা’ সিনেমাটি। এই সিনেমাতে গল্পের প্রয়োজনে থাকছে একটি রবীন্দ্রসংগীত। ‘জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে’ গানটিই গেয়েছেন দেশের শ্রোতা সমাদৃত দুই রবীন্দ্র সংগীতশিল্পী অনিমা রায় ও নির্ঝর চৌধুরী। গানটির সংগীতায়োজন করেছেন বাংলাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা, সংগীত পরিচালক শেখ সাদী খান।
গত রোববার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনিমা রায় বলেন, এর আগেও আমি চার-পাঁচটি সিনেমায় গান করেছি। যার মধ্যে কলকাতার ‘রিইউনিয়ন’ সিনেমার ‘হৃদয়ের একূল ওকূল’ গানটি বিশেষভাবে আলোচনায় এসেছিল। ‘দেনা-পাওনা’তে রবীন্দ্রসংগীত গেয়ে খুবই ভালো লেগেছে। সুরসংগীত আধুনিক তবে গানের কথা ও সুরকে প্রাধান্য দিয়ে করা হয়েছে। আমি সব সময় প্রত্যাশা করি রবীন্দ্রনাথের গান বেশি করে আমাদের সিনেমায় ব্যবহৃত হোক। কারণ রবীন্দ্রনাথ যেভাবে সকলের কথা সর্ব সময়ের গভীরে অনুভূতিতে ব্যক্ত করেছেন— তা এই প্রজন্মের কাছে পৌঁছে দিতে সিনেমার থেকে বড় মাধ্যম আর নেই। নির্ঝর চৌধুরী বলেন, অনিমা আমার ছোটবেলার বন্ধু। তার সঙ্গে এর আগে অনেক স্টেজ শো’তে একসঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছে।
তবে এবারই প্রথম আমরা কোনো সিনেমার জন্য একসঙ্গে গান গাইলাম। তাও আবার শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের মিউজিক অ্যারেঞ্জমেন্টে। তার সঙ্গে কাজ করাটাও এক নতুন অভিজ্ঞতা। সবমিলিয়ে খুব ভালো একটি কাজ হলো; যা নিয়ে আমি বিশেষত খুব আশাবাদী।
