স্বরা ভাস্করের প্রতিবাদ

স্বরা ভাস্করের প্রতিবাদ

ফন্ট সাইজ:

সন্তান জন্মদানের পর গত তিন বছর ধরে ক্রমাগত বডি শেমিং ও শরীর নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এবার কোনো নীরবতা নয়, বরং ট্রলকারীদের দেয়া অপমানকেই ব্যতিক্রমী পোশাকে আপন করে নিয়ে এক শক্তিশালী প্রতিবাদ জানালেন এ অভিনেত্রী। সম্প্রতি প্রচারিত রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’র দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে বিশেষ নজর কাড়েন স্বরা। অনুষ্ঠানে তিনি হাজির হন বেগুনি রংয়ের একটি শাড়িতে, যার ব্লাউজের সামনের দিকে বড় অক্ষরে লেখা ছিল ‘মোটি’ (মোটা)। অনুষ্ঠানটির সঞ্চালক ও সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগের সামনে নিজের এই পোশাকের পেছনের কারণ ব্যাখ্যা করেন স্বরা।

তিনি জানান, প্রসব-পরবর্তী ওজন বৃদ্ধি নিয়ে ইন্টারনেটে বহু অপরিচিত মানুষ তাকে ‘গরু’, ‘জলহস্তী’ কিংবা ‘হাতি’ বলে সম্বোধন করেছে। এসব তকমা অস্বীকার না করে স্বরা বলেন, হ্যাঁ, আমি এসবই হয়েছি। এখন আপনাদের দেয়া তকমাগুলো গ্রহণ করে নিজের করে নিচ্ছি। অভিনেত্রীর স্পষ্ট বার্তা— সন্তান জন্ম দেয়ার পর নারীর শরীরে পরিবর্তন আসা অত্যন্ত স্বাভাবিক। ইন্টারনেটের অচেনা মানুষের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ওজন কমানোর চাপে পড়ার বা নারীর শরীরকে শুধুই সৌন্দর্য প্রদর্শনের বস্তু হিসেবে দেখার সংস্কৃতিকে তিনি তীব্রভাবে প্রত্যাখ্যান করেন।