আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা বাংলাদেশের। নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। শেষ মুহূর্তে জ্বরের কারণে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তীব্র জ্বরে ভোগায় আগামীকাল তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
নাগোয়া পৌঁছানোর পর থেকেই বৃষ্টির খপ্পরে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কোয়ার্টার ফাইনালের আগে টানা দু’দিন বৃষ্টির মধ্যেই অনুশীলন করেছেন লিটন-মোস্তাফিজরা। তবে দুই দিনের কোনো অনুশীলনেই দেখা যায়নি শান্তকে। আজ জানা গেল, জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের এই ব্যাটার।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ বলেন, ‘ও হালকা জ্বর নিয়েই এখানে এসেছিল। এখানে আসার পর জ্বরের তীব্রতা অনেক বেড়েছে। বমিও হচ্ছে। যে কারণে দ্রুত তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, শান্ত আজ একাই দেশে ফিরছেন। তবে তার বদলে নতুন কাউকে জাপানে আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
