যত দোষ নারী দলের কোচের!

যত দোষ নারী দলের কোচের!

ফন্ট সাইজ:

মাঠে পারফরম্যান্স শূন্যের কোটায়। এশিয়া কাপ ও গেমসে ভরাডুবি। তারই মধ্যে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দল আসে প্রকাশ্যে। এ নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই দলের প্রধান কোচ সারওয়ার ইমরানও বোমা ফাটান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, কোচ ও অধিনায়ককে সাইজ করলে দলের পারফরম্যান্স ভালো হবে না। এ বক্তব্যের জেরে কোচ ও দলের ম্যানেজারকে অস্ট্রেলিয়া সফরের আগে দল থেকে সরিয়ে দেয়া হয়। ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেয়া অধিনায়ক জ্যোতিও অধিনায়ক থাকছেন না অস্ট্রেলিয়াতে ওয়ানডে সিরিজে।

তবে নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানালেন তিনি বহাল থাকছেন। আর নারী দলের বিপর্যয়ের দায় চাপালেন প্রধান কোচের কাঁধে! গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসে নারী বিভাগ। এশিয়া কাপ ও এশিয়ান গেমস শেষে দেশে ফেরার পর জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি ও সদস্যদের সঙ্গে আলোচনা করেন নারী বিভাগের চেয়ারম্যান। সেখানে দলের পরিবেশ ও হেড কোচ সারওয়ার ইমরান প্রসঙ্গ উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান বাবু বলেন, ‘এশিয়ান গেমস থেকে আসার পরে প্রথম আজকে তাদের সঙ্গে একটু বসলাম। তাদের আসলে কোনো সমস্যা আছে কি না, কী করলে আরও ভালো করবে—সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি। ক্রিকেট একটা শৃঙ্খলার খেলা, অনেক মার্জিত খেলা। আমি যেটা বলি, এটা রাজকীয় খেলা। এখানে যারা কোচ হন বা টিম ম্যানেজমেন্টে থাকেন, কারও কাছ থেকেই আমরা অসদাচরণ আশা করি না। সব কোচ তো একরকম হয় না। উনি হয়তো একটু বেশি উগ্র মেজাজের। সবসময় ব্যবহারের ক্ষেত্রে ঠিক করেননি। সেই কারণে দলের মেয়েরা একটু মনোবল হারাতো।’

মাঠের ক্রিকেট ও দলের ভেতরের পরিবেশ নিয়ে কথা বলার পাশাপাশি অস্ট্রেলিয়া সফর নিয়ে বার্তা দেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে দল। সফর সামনে রেখে খেলোয়াড়দের কথা জানিয়ে বাবু বলেন, ‘আগামী ৩ তারিখে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, তিনটি ওয়ানডে খেলতে। সেখানে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আমরা তাদের উৎসাহমূলক কথা বলেছি—আরেকটু ভালো করলে ইনশাআল্লাহ আমরা ভালো খেলবো। ভালো খেলতে খেলতে একসময় আমরা সব দেশকেই হারাতে পারবো।’ সভায় ক্রিকেটারদের সঙ্গে কোচের আচরণ নিয়ে কথা হয়। মাঠ ও অনুশীলনে ইমরান ক্রিকেটারদের সঙ্গে কেমন আচরণ করেছেন, সে বিষয়ে বিসিবি কর্তারা মতামত নেন। ড্রেসিংরুমে খেলোয়াড়দের স্বস্তি ফেরাতে বৈঠকে আলোচনা করেন কর্মকর্তারা। ক্রিকেটারদের পক্ষ থেকে বক্তব্য পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবু বলেন, ‘অবশ্যই। তারা তো বলেছে দেখেই তো আমরা পেয়েছি, না হলে তো আমরা পেতাম না।’ কোচের বক্তব্য ও আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে কথা বলেন বাবু। চুক্তি থাকা অবস্থায় সংবাদমাধ্যমে কথা বলায় ইমরানের সমালোচনা করেন তিনি। বাবু বলেন, ‘কোচ কিছু বেফাঁস কথা বলেছে। আমার মনে হয় কোড অফ কন্ডাক্টের বাইরে যেয়ে উনি কথাগুলি বলেছেন।’

এদিকে এশিয়ান গেমস শুরুর আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়তে চেয়ে বিসিবি বরাবর ই-মেইল পাঠান জ্যোতি। ওয়ানডে দল থেকেও তাঁর সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়ায় ক্রীড়াঙ্গনে। তবে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের অধিনায়ক পদে জ্যোতিকেই রাখার সিদ্ধান্ত নেয়া হয়।