স্ট্রাইকারদের দুষলেন ডুলি

স্ট্রাইকারদের দুষলেন ডুলি

ফন্ট সাইজ:

ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে দলের লড়াই দেখে সন্তুষ্ট কোচ টমাস ডুলি। তবে ম্যাচ শেষে আক্রমণভাগকে দুষলেন তিনি। গোল না পাওয়ার পেছনে দলে মানসম্মত স্ট্রাইকারের অভাববোধ করছেন বাংলাদেশ কোচ। সিঙ্গাপুরের বিপক্ষে শিষ্যদের লড়াইয়ে কিছুটা উন্নতির দেখা পেলেও ম্যাচের ফল বদলে দিতে না পারায় তার আক্ষেপ।

দুই ম্যাচে চার গোল হজম করেছে বাংলাদেশ। বিপরীতে প্রতিপক্ষের জালে কোনো গোল দিতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা। ডুলি বলেন, ‘আজকের ম্যাচ প্রমাণ করেছে যে আমরা খেলতে পারি এবং সিঙ্গাপুরকে হারানোর মতো সামর্থ্যও রাখি। কিন্তু আমাদের বড় সমস্যা হলো গোল করা। দলে এমন কোনো নিখুঁত স্ট্রাইকার নেই যে বল জালে জড়াতে পারে। সামগ্রিকভাবে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’ শেষ ২০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শমিত সোমের হেডের সুযোগটি কাজে না লাগাতে পারার আক্ষেপ ছিল ডুলির কণ্ঠে। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ফুটবল খেলতে পেরেছি এবং শেষ ২০ মিনিটে যদি আমাদের গোল করার সুযোগ কাজে লাগতো। তবে হয়তো ফলাফল আমাদের পক্ষে আরও ইতিবাচক হতে পারতো। শমিতের চমৎকার একটি সুযোগ ছিল। সে হেড মিস করেছে। তবে খেলোয়াড়দের প্রচেষ্টা খুব ভালো ছিল।’ ফিফা আসিয়ান কাপকে সাফের আগে শেখার বড় মঞ্চ হিসেবে দেখছেন ডুলি।

মালয়েশিয়া ম্যাচের হতাশা ঝেড়ে সিঙ্গাপুরের বিপক্ষে দল ঘুরে দাঁড়ালেও ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ থেকে ইতিবাচক কিছু নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ কিছু করার স্বপ্ন দেখছেন তিনি। ডুলি বলেন, ‘মালয়েশিয়ার কাছে হার থেকে শিখে সিঙ্গাপুরের বিপক্ষে দল অনেক ভালো খেলেছে। আশা করি, ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ থেকেও আমরা ইতিবাচক কিছু শিখতে পারব, যা আমাদের সাফে কাজে দেবে এবং ২০ বছর পর আবারও সাফ শিরোপা জয়ে ভূমিকা রাখবে।’ আন্তর্জাতিক ফুটবলে এসে হঠাৎ ভালো খেলার প্রত্যাশা করা বোকামি—এমন ইঙ্গিতই দিয়ে ডুলি কাঠগড়ায় দাঁড় কড়ান দেশের ঘরোয়া ফুটবল কাঠামোকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগের অভাব যে জাতীয় দলের অগ্রযাত্রাকে আটকে রেখেছে, তা তার কথায় স্পষ্ট। ডুলি বলেন, ‘লীগ থাকা খুবই গুরুত্বপূর্ণ; কারণ সেখানে প্রতি সপ্তাহে খেলোয়াড়রা ম্যাচ খেলে ভুল থেকে শেখার সুযোগ পায়। এই ঘাটতিটাই আমাদের রয়েছে। জাতীয় দলের ক্ষেত্রে টুর্নামেন্টের প্রস্তুতি নেয়ার জন্য খুব কম সময় পাওয়া যায়।’