চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া , গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তারা পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বাকলিয়া থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জানা গেছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সড়কের ওপর দুইপক্ষের লোকজনকে পরস্পরকে ধাওয়া করতে এবং ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। ভিডিওতে কয়েকটি বিকট শব্দও শোনা যায়।

তবে গুলির ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, ‘কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। পটকা ফোটানো হয়েছে। পাথর টিনের ঘরের চালে পড়ার কারণেও শব্দ হয়েছে।’ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।