চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও জেলাজুড়ে ইজিবাইক চলাচলে জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করায় এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সোমবার সকাল থেকে এ ধর্মঘট পালন করছে। চুয়াডাঙ্গা জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, সোমবার জেলার অভ্যন্তরীণ সকল রুট এবং মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে এ ধর্মঘট অব্যাহত থাকবে। তিনি জানান, দীর্ঘদিন থেকে সরকারি নিদের্শনা উপেক্ষা করে মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমনসহ সবধরনের ভটভটি চলাচল করে আসছে।

এ নিয়ে প্রায়ই বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে বিরোধে জড়ায় অবৈধ এসব যানবাহনের শ্রমিকরা। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ করতে উপজেলা ও পৌর এলাকার জন্য ভিন্ন ভিন্ন রঙের ইজিবাইক পরিচালনার ঘোষণা দেন। ইজিবাইক মালিক ও চালকরা এ নির্দেশরা উপেক্ষা করে যত্রতত্র ইজিবাইক পরিচালনা করে আসছে। তাছাড়া অন্যান্য অবৈধ যানবাহনও আগের মতোই মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে। এদিকে, ইজিবাইক চালক ও মালিকরা রোববার দামুড়হুদা এলাকা দিয়ে বাস চলাচলে বাধা সৃষ্টি করে।

এতে বাস শ্রমিকরা সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এসব ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সোমবার দুপুরে আলোচনায় বসে। আলোচনা শেষে সোমবার জেলার অভ্যন্তরীণ সকল রুট এবং মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।