ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে লাথি, প্রাণ গেল যুবকের

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে লাথি, প্রাণ গেল যুবকের

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাসকে কেন্দ্র করে গোপনাঙ্গে লাথি দেয়ায় আনোয়ার হোসেন আনার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবু তাহের ভুট্টো নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার দেওখোলা ইউনিয়নের কুকরাইল মোড়লবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন আনার ওই গ্রামের ফজলুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুকরাইল গ্রামের সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র একই গ্রামের আলহাজ মিয়া ও জিহাদের মাঝে ঝগড়া হয়।

ঝগড়ার একপর্যায়ে সন্ধ্যায় জিহাদকে মারধর করে আলহাজ মিয়া। এই ঘটনার পর রাতে আলহাজ মিয়া, ফাহাদ ও জয়সহ কয়েকজন মিলে জিহাদকে দেওখোলা বাজারে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে জিহাদের স্বজনরা রাত ১০টার দিকে একই গ্রামের মোড়লবাড়ি যান। এ সময় জিহাদের শ্বশুরবাড়িতে আনারসহ অন্যরা জিজ্ঞাসাবাদ করতে ফাহাদ ও পারভেজকে ডেকে আনেন। এ সময় আবু তাহের ভুট্টো উপস্থিত হলে নিজেদের ছাড়িয়ে নিতে আনোয়ার হোসেনকে মারধর শুরু করে। একপর্যায়ে ফাহাদ নিজে আনোয়ার হোসেন আনারের গোপনাঙ্গে সজোরে লাথি দিয়ে পালিয়ে যায়। এতে আনার ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ে। পরে আহত আনোয়ার হোসেন আনারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আনারের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং আবু তাহের ভুট্টোকে গ্রেপ্তার করেন। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আবু তাহের ভুট্টো নামে একজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।