সরকার গঠনের পর প্রথমবার ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে পূর্বনির্ধারিত ১৭ই সেপ্টেম্বরের সফর পিছিয়ে আগামী ১লা অক্টোবর নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রশাসন, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সফর ঘিরে জেলার উন্নয়নের পাশাপাশি নানা দাবি সামনে আনছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সবচেয়ে আলোচনায় ফেনীতে একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফেনীর উন্নয়নে ১৬টি দাবি ও পরামর্শ তুলে ধরেন।
এরমধ্যে অন্যতম সোনাগাজীতে জেগে ওঠা বিশাল চরাঞ্চলে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও সমুদ্র বন্দর নির্মাণ করা। মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের পাশাপাশি সোনাগাজী রেগুলেটর সম্প্রসারণ করা। কহুয়া-মুহুরী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বিলোনিয়া থেকে মুহুরী সেচ প্রকল্পের সøুইস গেট পর্যন্ত নদীর গভীরতা ও প্রশস্ততা বৃদ্ধি করে নদীর উভয় পাশে উঁচু বাঁধ নির্মাণ। ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ। ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালুকরণ। ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে দমদমা খাল, পাগলীছরা, দাউদপুর খাল দখলমুক্ত ও পুনঃখনন করা। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন নানা দাবি। এরমধ্যে ফেনী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর ও ফেনী পলিটেকনিকেল ইনস্টিটিউটকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার জোর দাবি তুলে বলেন নিজস্ব ভূমিতে বাস্তবায়ন সম্ভব। এদিকে সোমবার সকালে পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন স্পট পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এর আগে গত রোববার ডিজিএফআই প্রধান ও এসএসএফ প্রদান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। তার আগে শনিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাস্থল পরিদর্শন করেন এর আগে শুক্রবার বিকালে বিভিন্ন ভেন্যু ও নিরাপত্তা-ব্যবস্থা সরজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ইতিমধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে। এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক মো. মাহবুব উল করিম। তিনি জানান, পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতি চলছে এবং ফেনী-পরশুরাম প্রধান সড়কের সংযোগস্থলে মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করা হচ্ছে।
