কিশোরগঞ্জের বাজিতপুরে ১০ বছর আগের চাঞ্চল্যকর গৃহবধূ ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে নিহত ঝর্ণার স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়া (৪২)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। তবে আসামি ইসমাইল পলাতক রয়েছেন। ইসমাইল বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে।
অন্যদিকে, নিহত ঝর্ণা উপজেলার নিলখী নয়াহাটির মৃত তোফাচাঁনের মেয়ে। তিনি দুই কন্যাসন্তানের জননী ছিলেন। জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের ১২ই এপ্রিল রাতে ঝর্ণাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় স্বামী। এ ঘটনায় নিহতের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইলকে আসামি করে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আসামির অনুপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করে।
