কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বনফুল ডিপার্টমেন্টাল স্টোর সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে রহস্যজনকভাবে সুপারশপটির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই পুরো ডিপার্টমেন্টাল স্টোরে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের মালিক ফয়সাল জানান, সোমবার সকালে আগুনের খবর পেয়ে ডিপার্টমেন্টাল স্টোরে আসি। এসে দেখি স্টোরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় অন্তত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। আগুনের ভয়াবহতা থেকে কোনো মালামালই সেভ করা সম্ভব হয়নি। এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, সকাল আনুমানিক ৯টার দিকে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. মহিম উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়া হয়।
এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করা হয়।
