জয়পুরহাটের কালাইয়ে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভারের উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত কালাই তালুকদারপাড়ার বাসিন্দা মো. নুহু তালুকদারের ছেলে মুরাদ হোসেনসহ ঘটনায় জড়িত ও মদতদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সোমবার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। জয়পুরহাট প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তানভিরুল ইসলাম রিগান, কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিদা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন— দৈনিক বাংলার প্রতিনিধি রাব্বিউল ইসলাম রমি, দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি রবিউল ইসলাম আকন্দ, দৈনিক মানবজমিনের প্রতিনিধি সউদ আব্দুল্লাহ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রনি আকন্দ, ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
