চট্টগ্রামে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি— গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে অক্সিজেন আবাসিক এলাকার শীতল ঝরনা এলাকায় অভিযান চালিয়ে বয়স্ক আশ্রয়কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো— আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন।
পুলিশ জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এসব ব্যক্তির উদ্যোগে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। প্রথমে নগরের পাঁচলাইশ এলাকায় কেক কাটার কর্মসূচি পালন করা হয়। পরে তারা বায়েজিদ এলাকার একটি বয়স্ক আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করতে যান। সেখান থেকে বের হওয়ার পর নুরুল হাকিম রাব্বিসহ কয়েকজনকে আটক করা হয়। পরে একই ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আসিফ ও সুফিয়া হাটহাজারীর বড়দীঘির পাড়-খিল্লাপাড়া এলাকার বাসিন্দা। শারমিনের বাড়ি ফটিকছড়ির সুন্দরপুরের তালুকদার বাড়ি এলাকায়। তবে শারমিন নগরের অক্সিজেন-লোহারপুল এলাকায় বসবাস করেন। মোহাম্মদ সানির বাড়ি হাটহাজারীর ফতেহপুর এলাকায়। হাবিবুর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় থাকেন। নুরুল রাব্বির বাড়ি রাউজানের নাদিমপুর এলাকায় হলেও থাকেন লোহারপুল এলাকায়। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
