বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াশরুম থেকে আবুল কালাম প্রকাশ আবু (৪৩) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহ উদ্ধারের ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আবুল কালাম দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হামিমের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ বাইশারী এলাকায় বসবাস করতেন। স্থানীয়ভাবে ‘আবু’ নামে পরিচিত আবুল কালাম চার সন্তানের জনক। তিনি বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
জানা যায়, সোমবার সকালে মসজিদের ওয়াশরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুর আহসানকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
এদিকে, এর আগে গত ১৮ই সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ায় একটি বৌদ্ধবিহারের কাছে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দু’টি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবুল কালামের মৃত্যু এবং জাফর আলম বাবুলের মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না— তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
