গাজীপুরে বন্দি পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

ফন্ট সাইজ:

গাজীপুরে পুলিশের প্রিজনভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের ফেরার পথে পিচ্চি রাজা টয়লেটে যাওয়ার জন্য চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

পরে বাইমাইল এলাকায় গাড়ি থামিয়ে তাকে নামানো হলে সুযোগ বুঝে পালিয়ে যান। জিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানায়, পিচ্চি রাজা বিস্ফোরক আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২২টি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া বন্দিকে গ্রেপ্তারে অভিযান চলছে।