নোবিপ্রবি’র বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

নোবিপ্রবি’র বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘গোমতী’ বাসের চালক ও কর্মচারীকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেয়াসহ বাস ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সরকারি বাসচালক দিলীপ রবি দাস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে সুধারাম মডেল থানায় লিখিত এজাহার দেন। এজাহার সূত্রে জানা যায়, দিলীপ রবি দাস নোবিপ্রবি’র পরিবহন পুলের ‘গোমতী’ বাসটি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজের অংশ হিসেবে শিক্ষার্থী আনার উদ্দেশ্যে কবিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবহন পুলের কর্মচারী মো. আলাউদ্দিন। সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে কবিরহাটের দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আলাউদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা তাকে মারধর করেন। এ সময় একজন হেলমেট দিয়ে আলাউদ্দিনকে আঘাত করলে তিনি তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রক্তাক্ত হয়। আরও বলা হয়, পরে অভিযুক্তরা বাসে উঠে চালক দিলীপ রবি দাসকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে একজন মোটরসাইকেলের চাবি দিয়ে তার মুখের বাম পাশে আঘাত করলে তিনি রক্তাক্ত হন। এ সময় দিলীপের পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে যান অভিযুক্তরা।

পরে তাদের হাত থেকে রক্ষা পেতে চালক ও আলাউদ্দিন বাসে উঠে দরজা বন্ধ করে দেন। তখন অভিযুক্তরা হাত ও হেলমেট দিয়ে বাসের দরজায় আঘাত করলে বাসের একটি গ্লাস ভেঙে যায়। আরও উল্লেখ করা হয়, বাসে ওঠার পর অভিযুক্তরা চালক ও আলাউদ্দিনের ছবি মুঠোফোনে ধারণ করে তাদের রাস্তায় পেলে ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেন। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।