জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে বহিষ্কার করেছে জামালপুর জেলা যুবদল। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সদস্য ও সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা মেহেদী হাসান ইলি। এর আগে রোববার সোহাগকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় জেলা যুবদল। বহিষ্কৃত রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা এলাকার বাসিন্দা। তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ছিলেন।
এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব সোহেল রানা খান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সোহাগকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছে। এ বিষয়ে জেলা যুবদলের সদস্য ও সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা মেহেদী হাসান ইলি বলেন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব সোহেল রানা খানের সঙ্গে পরামর্শ করে সোহাগকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুবদলের সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার সুযোগ নেই। এদিকে, শনিবার রাতে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহিনুর রহমান তালুকদার।
পুলিশের দাবি, সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় একটি চোরচক্র পরিচালনার অভিযোগও রয়েছে।
