চোখ ধাঁধানো ফ্রি-কিকের পর ঐতিহাসিক রেকর্ডের সামনে মেসি

চোখ ধাঁধানো ফ্রি-কিকের পর ঐতিহাসিক রেকর্ডের সামনে মেসি

ফন্ট সাইজ:

বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লিওনেল মেসি যেন প্রতিনিয়ত নতুন ইতিহাস লিখছেন। ৩৯ বছর বয়সেও সবুজ গালিচায় তার জাদুকরী পারফরম্যান্স বিশ্ব জুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছে। মেজর লীগ সকারের (এমএলএস) এক ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক গোলটি ফুটবল বিশ্বে নতুন আলোড়ন তুলেছে। এই গোলে এক ঐতিহাসিক রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রায় অসম্ভব এক কোণ থেকে নেয়া বাঁ পায়ের সেই ফ্রি-কিকটি রক্ষণ দেয়াল ও গোলকিপার প্যাট্রিক শুল্টেকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। ৩৩ মিনিটের সেই গোলে দর্শকের মতো বিস্ময়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়েন ধারাভাষ্যকারও। অ্যাপল টিভির ধারাভাষ্যকার টেলর টোয়েলম্যান বলে ওঠেন, ও মাই গুডনেস! মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি মেসির ১২তম ফ্রি-কিক গোল, এর মধ্যে ৬টিই চলতি মৌসুমে। সব মিলিয়ে এমএলএসের চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা এখন ২১। ৩ গোল বেশি করে সবার উপড়ে এফসি ডালাসের পেতার মুসা। জোসে মার্টিনেজের পেনাল্টি গোলের পর এই দুর্দান্ত গোলটি ইন্টার মায়ামিকে সমতায় ফেরায়। তবে শেষ রক্ষা হয়নি ফ্লোরিডার ক্লাবটির। যোগ করা নবম মিনিটের গোলে জয় ছিনিয়ে নেয় কলম্বাস। তবে সেই ফ্রি কিক গোল মেসিকে পৌঁছে দেয় এক ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায়।

এই গোলের সুবাদে পেশাদার ফুটবল ক্যারিয়ারে মেসির ফ্রি-কিক থেকে মোট গোলসংখ্যা দাঁড়ালো ৭৬টিতে। সর্বকালের সেরা ফ্রি-কিক মাস্টার হওয়ার রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে। এই তালিকায় শীর্ষে আছেন ব্রাজিলের মার্সেলিনহো কারিওকা, যার রেকর্ড ৭৭টি ফ্রি-কিক গোল। যেভাবে নিয়মিত বিরতিতে লক্ষ্যভেদ করে চলেছেন মেসি, তাতে এই রেকর্ড নিজের করে নেয়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। তবে এদিনের হারে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় আরো পিছিয়ে গেছে মায়ামি। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে মেসিরা।
ক্যারিয়ারের এই পড়ন্ত লগ্নে এসেও তার মোট গোলসংখ্যা গিয়ে ঠেকেছে ৯৩১টিতে। মায়ামির হয়ে এই ম্যাচ শেষ করে তিনি এখন আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দিতে প্রস্তুত। বেনিনের বিপক্ষে আসন্ন ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন তিনি।