কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা

কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা

ফন্ট সাইজ:

নোয়াখালীর সোনাইমুড়ীতে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চলছে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা। এতে প্রতারকরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন জটিল রোগ থেকে সারিয়ে তোলার কথা বলে পানিপড়া ও তাবিজ-কবজের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। অভিযোগ উঠেছে, উপজেলার হাটগাঁও গ্রামের মানিক ওরফে মানিকখোনার সর্বরোগ নিরাময়ের নামে ভুয়া কবিরাজি, অপচিকিৎসা ও রমরমা প্রতারণার জালে দিশাহারা সাধারণ মানুষ। আইন লঙ্ঘন, ভুয়া লাইসেন্স প্রদর্শন ও জীবনহানির মারাত্মক ঝুঁকিতে হাজারো সমস্যাগ্রস্ত রোগীরা।

চিকিৎসাবিদ্যার কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই। নেই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) বা কোনো স্বীকৃত আয়ুর্বেদিক/ইউনানী বোর্ডের ন্যূনতম নিবন্ধন। দেশের প্রচলিত আইন অনুযায়ী অনিবন্ধিত ও ভুয়া কবিরাজি বা তান্ত্রিক চিকিৎসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। দেশের উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা ও আইন থাকা সত্ত্বেও ভুয়া কবিরাজ আইন অমান্য করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অপচিকিৎসা চালিয়ে আসছে। তথ্য বলছে, উপজেলার হাটগাঁও গ্রামের মৌলভী আব্দুল খালেকের পুত্র গোলাম ফারুক মানিক খোনারের ভুয়া কবিরাজি বন্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনের আলোকে তৎকালীন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ফয়সাল সরজমিন গিয়ে কার্যক্রম বন্ধ করেন। পরে তিনি ২০১৭ সালের ১৮ই নভেম্বর আদালতে মতামত দাখিল করেন। এরপরও তার কবিরাজি ব্যবসা পরিচালনা করায় ২০১৮ সালের ৩রা জানুয়ারি সাবেক ইউএনও রবিউল ফয়সাল তাকে গ্রেপ্তার করেন। গাড়িতে উঠানোর পর তার অনুগত বাহিনী ইউএনও’র গাড়ি ভাঙচুর করে এবং মানিক খোনারকে ছিনিয়ে নিয়ে যায়। বোমা ফাটিয়ে তাণ্ডব সৃষ্টি করে। পরবর্তীতে ইউএনও তাকে না পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে তার সহযোগী মেয়ে মিম ও মিলন নামক দু’জনকে গ্রেপ্তার করে।

সেসময় ইউএনও ১০ হাজার টাকা জরিমানা করেন। মিলনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। তার অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন। সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশরাত জাহান তার আস্তানায় সিলগালা করেন। পরে তিনি মুচলেকা দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তবুও সে কবিরাজি ব্যবসা চালিয়ে যাচ্ছে।