সাতক্ষীরায় বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রম

সাতক্ষীরায় বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রম

ফন্ট সাইজ:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের পানির চাপে ভাঙন আরও বাড়ছে। এতে যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে রয়েছেন বাঁধসংলগ্ন এলাকার মানুষ।

সোমবার সকাল ১০টা থেকে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকানোর কাজ শুরু করেন। বস্তা, মাটি ও স্থানীয়ভাবে পাওয়া বিভিন্ন উপকরণ দিয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ রক্ষার চেষ্টা করছেন তারা। স্থানীয়রা জানান, কুড়িকাহুনিয়া এলাকায় বেড়িবাঁধের একটি অংশে ভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত অংশ আরও দুর্বল হয়ে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া না হলে বাঁধ ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়তে পারে বলে তাদের আশঙ্কা। বাঁধ রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দারাই জরুরি ভিত্তিতে কাজে নেমেছেন। স্থানীয়দের আশঙ্কা, বেড়িবাঁধ ভেঙে গেলে শ্রীপুর-কুড়িকাহুনিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়বেন।

এলাকাবাসীর দাবি, ভাঙনস্থলে দ্রুত পানি উন্নয়ন বোর্ডের জরুরি ব্যবস্থা নেয়া প্রয়োজন। সাময়িকভাবে ভাঙন ঠেকানোর পাশাপাশি ভবিষ্যতে স্থায়ীভাবে বাঁধ সংস্কার ও শক্তিশালী করারও দাবি জানিয়েছেন তারা। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করার জন্য জানিয়েছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে। পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।