স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন। দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে তাকে দায়িত্বে রেখে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের নাম এসেছে। এ ঘটনায় সরকারি ইন্ধন, রাষ্ট্রীয় মদদ ও দলীয় নেতা-কর্মীদের প্রত্যক্ষ মদদ ছিল।’
তিনি বলেন,‘ কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাটিতেও প্রশাসন নিষ্ক্রিয় থেকেছে। এখন সেখানে ভিকটিম ব্লেমিং করা হচ্ছে। এ দু’টি ঘটনা হয়তো সামনে এসেছে, কিন্তু সারা দেশের পরিস্থিতি এ রকমই।’
‘বিএনপি দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। সারা দেশে একধরনের নৈরাজ্য, দেশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বলে মনে হচ্ছে না।’—উল্লেখ করেন তিনি।
