সিলেট-৫ আসনে জয়ের হাসি কে হাসবেন বলা মুশকিল। এক স্বতন্ত্রে দুই জোটের প্রার্থীই হিসাব মেলাতে পারেন নি। শেষ মুহূর্তে এসে নাটকীয়তাও জমেছে। কে পরবেন বিজয়ের মালা-এ নিয়ে ভোটারদের মধ্যে নানা আলোচনা। প্রার্থী চারজন। এর মধ্যে তিনজনই আলোচনায়। এ আসনে এবার বিএনপি’র ও জামায়াতের প্রার্থী নেই। বিএনপি সমর্থন দিয়েছে জোটের শরিক জমিয়তে উলামা ইসলামকে। আসনে প্রার্থী জমিয়ত প্রধান মাওলানা উবায়দুল্লাহ ফারুক। ২০১৮ সালে ঐক্যফ্রন্ট থেকে প্রার্থী হয়ে সুবিধা করতে পারেন নি। বাধা ছিল জামায়াত প্রার্থী। কিন্তু জামায়াত এ আসনটি ছাড় দিয়েছে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসানকে। আর বিদ্রোহী হয়েছে জেলা বিএনপি’র বহিষ্কৃত প্রথম সহ- সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন। এ আসন নিয়ে বিএনপি’র দুঃখ অনেক। বার বারই মনোনয়ন যায় শরিকদের ঘরে। এবার দলের কাছে মনোনয়ন চেয়েও পাননি বিএনপি নেতারা। অবশেষে বিদ্রোহী হন মামুনুর রশীদ চাকসু মামুন। নির্বাচনের প্রচারণায় চাকসু মামুন রীতিমতো চমকই দেখালেন। তার নির্বাচনী সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি। চাকসুর হিসাব ভিন্ন। বিএনপি’র তৃণমূল তার মতো বিদ্রোহী। ধানের শীষের প্রার্থী না দেয়ায় তারাও ক্ষুব্ধ। এ কারণে মামুন প্রার্থী হওয়ায় তারা বিদ্রোহীর পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ, সংখ্যালঘু ও ফুলতলীর ভোটের আধিক্য রয়েছে মামুনের। স্বতন্ত্র হওয়ার কারণে বেশ সুবিধাজনক অবস্থানে তিনি। নির্বাচনী প্রচারণায় ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসানও বেশ চমক দেখিয়েছেন প্রচারণায়। তার সমাবেশ ও প্রচারণায়ও হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল। কওমি ঘরানার একাংশের ভোট ছাড়া জকিগঞ্জের স্থানীয় ভোটে এগিয়ে রয়েছেন মুফতি আবুল হাসান। অন্যদিকে কানাইঘাটে শক্তিশালী অবস্থান আছে জমিয়ত প্রার্থী ওবায়দুল্লাহ ফারুকের। তবে ছেড়ে কথা বলছেন না মামুনও। নিজ উপজেলায় জয় ছিনিয়ে নিতে প্রতিপক্ষ প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তিনি। ভোটাররা বলছেন- জকিগঞ্জের ভোটে এগিয়ে মুফতি আবুল হাসান। সেখানে শক্ত লড়াইয়ের আভাস দিয়েছেন মামুন। কিন্তু জকিগঞ্জে ভোট কম জমিয়ত প্রার্থীর। আবার কানাইঘাটে ভোট বেশি জমিয়ত প্রার্থীর। সেখানেও মামুন লড়াইয়ে। ওই উপজেলায় ভোট কম খেলাফত প্রার্থীর। ফলে লড়াই হবে ত্রিমুখীই। কে হাসবেন শেষ হাসি বলা মুশকিল।
সিলেট ৫
জয়ের পথে কে? কঠিন সমীকরণ
মুফিজুর রহমান (কানাইঘাট) সিলেট থেকে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
