মোহাম্মদপুরে হামলা-ভাঙচুর করে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই

চুক্তিতে দখলের কথা স্বীকার :

মোহাম্মদপুরে হামলা-ভাঙচুর করে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরের হামলা-ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লিমন ও মনোয়ার হোসেন সাদ্দাম। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুক্তিতে ছিনতাই ও জমি দখলের কাজে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। তিনি বলেন, শনিবার চাঁদ উদ্যানে জমি দখলের ঘটনায় আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪২৭, ৩৮০ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় লিমন ও সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। লিমন নড়াইলের লোহাগড়া থানার কুমড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের ২৯ নম্বর বাসায় থাকেন। আর সাদ্দাম তোবারক হোসেনের ছেলে। তিনি মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় বজলু করিমের বাড়িতে ভাড়া থাকেন। ওসি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগে ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা চুক্তিতে ছিনতাই ও জমি দখলের কাজে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী-সদরঘাট বাইপাস সড়কের পাশে মোহাম্মদপুর বেড়িবাঁধ সাতমসজিদ হাউজিং সংলগ্ন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জায়গায় হামলা চালিয়ে দখলে নেয়ার চেষ্টা করে কয়েকশ লোক। ওই সময়ে ওই জমিতে থাকা স্থাপনা ও হাউজিংয়ের অফিসে ভাঙচুর করে নগদ ১৫ লাখ টাকা, জমির দলিল, এসি, ফ্যান, ল্যাপটপ, জানালা-দরজা, আসবাবপত্রসহ সব মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাঁশ-টিনের বেড়া দিয়ে ঘিরে দেয় জমির প্রবেশ পথ।