আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড বইয়ে নাম লেখালেন বাংলাদেশি বংশদ্ভূত বিস্ময়বালক কাভান সুলিভান। পেরুর বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে শুরু হওয়া প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে অভিষেক হলো এই ফিলাডেলফিয়া ইউনিয়ন সেনসেশনের। মাত্র ১৬ বছর ৩৬২ দিন বয়সে মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে শুরুর একাদশে মাঠে নেমে তিনি আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম কনিষ্ঠ অভিষিক্ত হওয়ার রেকর্ড গড়েন। শনিবার অরল্যান্ডোতে অনুষ্ঠিত এই ম্যাচে একাদশে রেকর্ডসংখ্যক তরুণ খেলোয়াড়কে রাখেন মার্কিন কোচ। সুলিভানসহ মোট ১১ জন ফুটবলার এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনিয়র জার্সিতে মাঠে নামেন। এর মধ্যে আটজনই ছিলেন কিশোর বয়সী।
মাঠে নিজের শুরুটা দারুণ করে ম্যাচের ২৩ মিনিটে একটি হলুদ কার্ড দেখলেও, পুরো ৬২ মিনিট দুর্দান্ত খেলেন কাভান। পরে অভিজ্ঞ ফুটবলারদের মাঠে নামাতে কোচ তাকে বদলি হিসেবে তুলে নেন।
ম্যাচ শেষে টিএনটি-কে দেয়া সাক্ষাৎকারে সুলিভান তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘দলের অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে প্রতিদিন শেখার চেষ্টা করছি। মাঠে নিজেদের সেরাটা দিয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’ মাঠে নামার পর থেকেই নিজের ঝলক দেখানো কাভান বলেন, ‘ছোটবেলা থেকেই আমি এই দিনের স্বপ্ন দেখেছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের।’
ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের এই জয়ে তরুণরা প্রধান ভূমিকা রাখেন। তরুণ ফরোয়ার্ড জুস্টিন এলিস ও জুলিয়ান হাল গোল করে দলকে জয় এনে দেন। আর বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ প্রতিভা ম্যাথিয়াস অ্যালবার্ট আদায় করে নেন একটি পেনাল্টি। আসন্ন ম্যাচগুলোতে চিলি, মেক্সিকো এবং কানাডার মুখোমুখি হওয়ার আগে এই তরুণ দলটির পারফরম্যান্স বিশ্ব ফুটবলে এক নতুন বার্তার জন্ম দিয়েছে। আগামীকাল ১৭ বছরে পা রাখতে যাওয়া সুলিভানের এই রূপকথার পথচলা আমেরিকান ফুটবলে এক নতুন বিপ্লবেরই সূচনা করলো।
কাভানের নানি সুলতানা আলম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখেন। বাংলাদেশি সূত্রে কাভানের দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলছেন। সর্বশেষ বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাদের।
