ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ইউনিভার্সিটি

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ইউনিভার্সিটি

ফন্ট সাইজ:

তরুণদের ক্রিকেট-উন্মাদনা ও নিজস্ব ক্যাম্পাসের পক্ষে লড়ার উদযাপনের মধ্য দিয়ে পর্দা নামলো ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬’-এর। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত এই টুর্নামেন্টের অষ্টম আসরে অংশ নেয় দেশের ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ব্যাটে-বলের জমজমাট লড়াই ও দর্শকদের উচ্ছ্বাসে এক প্রাণবন্ত আবহ তৈরি হয়।

টুর্নামেন্ট উপলক্ষে ছিল নানা বৈচিত্র্যময় আয়োজন। মূল খেলা শুরুর আগে ৩২টি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় ট্রফি রাইড। এছাড়া ভেন্যুতে দর্শকদের জন্য রাখা হয় হেলিকপ্টার রাইড ও বিভিন্ন উপহার জেতার সুযোগ। 'ক্যাচ ইট, উইন ইট' প্রোগ্রামে গ্যালারিতে বল ক্যাচ ধরে নগদ ৫০০ টাকা জিতে নেয়ার সুযোগ পান দর্শকরা। নিজ নিজ দলকে সমর্থন জানাতে স্টেডিয়াম মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা।

চূড়ান্ত লড়াই শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অধিনায়ক শরিফুল ইসলামের নেতৃত্বে পুরো আসরে চমৎকার দলগত পারফরম্যান্স দেখিয়ে তারা শিরোপা উঁচিয়ে ধরে।

সমাপনী বক্তব্যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘গত আট বছর ধরে এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের ক্রিকেটের সঙ্গে যুক্ত করছি আমরা। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাদের এই পথচলাকে সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও ক্লেমন তরুণদের পাশে থাকবে।’

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, ‘তরুণদের ক্রিকেট-আবেগ উদযাপন করার লক্ষ্যেই এই আয়োজন। ৩২টি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে মাঠের প্রতিটি ম্যাচ মিলিয়ে টুর্নামেন্টটি সফল হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে আমরা ফিরতে চাই।’