রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে ডিএমপি যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম বলেছেন, ‘আমরা ইনভেস্টিগেশন করলে বুঝতে পারব। চাঁদা বা কোনো কিছু নিয়ে নয়—আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, জমিকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বিবাদ হতে পারে।’
রোববার দুপুরে ইসিবি চত্বর এলাকার নিউগিনি হাউজিংয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখনো বিষয়টা ইনভেস্টিগেশনে আছে। দলবদ্ধভাবে লোকজন এসেছে। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি।’
গ্রেপ্তার তিনজন হলেন—মামুন, আসলাম ও মুন্না। পুলিশ কর্মকর্তা জানান, মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও, তিনি ভাষানটেক বস্তিতে থাকেন। আসলামের বাড়ি টাঙ্গাইলে, তিনি অটোরিকশা চালান। আর মুন্নাও ভাষানটেক বস্তিতে থাকেন।
হামলার কারণ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে যেটা, সেটি হলো এখানকার একটা হাউজিং বিজনেস এবং এখানে এতগুলো লোক একসাথে এসেছে, দলবদ্ধভাবে এসেছে এবং রাতের বেলা। সেই কারণে হয়তো জমিকে কেন্দ্র করে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে।’
‘এটি যেহেতু আরও ইনভেস্টিগেশনের বিষয়, আইনগত বিষয় প্রক্রিয়াধীন। আন্ডার ইনভেস্টিগেশন। মানে, বিবাদটা কার মধ্যে—ইনভেস্টিগেশনটা শেষ হলেই আমরা জানতে পারব।’—উল্লেখ করেন তিনি।
