ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রুশ-জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রুশ-জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফন্ট সাইজ:

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। ঐতিহাসিক এই বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক উত্তেজনা এবং কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানি পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত আগস্টে পূর্ব জার্মানির লাইপজিগ/হ্যালি বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় মস্কোকে দায়ী করে বার্লিন একটি রুশ কনস্যুলেট ও সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেয়। এর জেরে দুই দেশের সম্পর্কে তীব্র শীতলতা বিরাজ করছিল। দীর্ঘ চার বছরের বৈরিতার পর অনুষ্ঠিত এই বৈঠক প্রসঙ্গে লাভরভ সংবাদ সম্মেলনে জানান, জার্মানির প্রকাশ্য বক্তব্যের বাইরে নতুন কিছু তিনি শোনেননি। লাভরভ আরও জানান, কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচলের বিষয়ে ভারত, মিশর ও তুরস্কের সঙ্গে মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে জার্মানির প্রতিনিধিদলের একটি সূত্র জানিয়েছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে যুদ্ধবিরতি এবং বিশ্বজুড়ে খাদ্য সংকট কাটাতে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি স্বাভাবিক করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ইউরোপীয় মিত্রদের কাছে পাঠানো এক বার্তায় ওয়াডেফুল উল্লেখ করেন, তিনি রাশিয়াকে জার্মানি, ইউরোপ ও ন্যাটোর বিরুদ্ধে বিপজ্জনক সংঘাতের পথ পরিহার করার তাগিদ দিয়েছেন।