হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। তার স্ত্রী কেটি মিলারকে ফোনে হয়রানির অভিযোগ তদন্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই অভিজ্ঞ শীর্ষ কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে কাউন্টারটেররিজম কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ওয়াশিংটন ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ মাইকেল বার্গওয়াল্ড এবং তার উপপ্রধান কোর্টল্যান্ড রে-কে দায়িত্ব থেকে অপসারণ করে অন্যত্র বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে জানানো হয়, কনজারভেটিভ পডকাস্টার কেটি মিলারের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে আসা কথিত হয়রানিমূলক ফোনকল নিয়ে তদন্তের পর ফিল্ড অফিসের দলটি সিদ্ধান্ত নেয় যে এটি এফবিআইয়ের আনুষ্ঠানিক তদন্ত শুরুর মানদণ্ড পূরণ করে না। ফলে তারা তদন্ত আর না বাড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু এই পদক্ষেপ এফবিআইয়ের শীর্ষ নেতৃত্বের পছন্দ হয়নি। এরপরই ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে তাদের পদ থেকে বরখাস্তের নির্দেশ আসে।
গত বছর এফবিআইয়ের পরিচালক হিসেবে ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কাশ প্যাটেল দায়িত্ব নেয়ার পর থেকে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে অতীতে তদন্তে যুক্ত থাকা অসংখ্য পেশাদার কর্মকর্তাকে বরখাস্ত, পদাবনতি বা অবসরে যেতে বাধ্য করার অভিযোগ রয়েছে।
তবে এফবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সিদ্ধান্তটি মাঠপর্যায়ের কাজের মূল্যায়নের ভিত্তিতে ওয়াশিংটন অফিস থেকেই নেয়া হয়েছে, এর পেছনে প্যাটেলের কোনো হাত নেই। মার্কিন মিলিটারি অ্যাকাডেমি ওয়েস্ট পয়েন্টের গ্র্যাজুয়েট ও পুরস্কৃত এই কর্মকর্তাদের অপসারণের ঘটনায় ব্যুরোর অভ্যন্তরীণ কর্মীদের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
