রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে আটক
২৮৯ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে পল্টন মডেল থানার ওসি আরিফুর ইসলাম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এখনো যাচাই-বাচাই চলছে। যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত প্রায় ২৪৯ জনকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি।’
এ আগে শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৮৯ জনকে আটক করে পুলিশ। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়।
পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন-এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ছাড়া কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছে এবং সেখানে বৈঠক চলছে-এমন তথ্যও পুলিশের কাছে আসে।
এদিন দুপুর থেকে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন-এমন অভিযোগ তুলে জাসদ কার্যালয়টি ঘিরে রাখেন যুবদল ও বিএনপি’র নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছে।
