গ্রিসের রাজধানী এথেন্সে একটি দোতলা আবাসিক ভবন ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার সকালে পর্যটনবহুল ঐতিহাসিক প্লাকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গ্যাস সংযোগের ত্রুটি থেকেই বিস্ফোরণটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় মেয়র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস জানান, ভারী সরঞ্জাম, স্নিফার ডগ ও সেন্সরের সাহায্যে ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ওই ভবনে বসবাসকারী এক বয়োবৃদ্ধ দম্পতি এবং অপর ফ্ল্যাটে অবস্থানরত চারজন মার্কিন পর্যটক রয়েছেন।
শুক্রবার বিকেলে তাদের ফিরতি ফ্লাইট ধরার কথা ছিল। গ্রিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল চার মার্কিন নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিস্ফোরণস্থলটি এক্রোপলিস ও জিউসের মন্দিরের মতো জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্রের খুব কাছে অবস্থিত। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
